ফেলপসের রেকর্ড ভাঙলেন খুদে ‘সুপারম্যান’
ডেস্ক নিউজ
মাত্র দশ বছর বয়সেই ‘সুপারম্যান’ খেতাব পেয়ে গেছেন ক্লার্ক কেন্ট আপুয়াদা। আর নিজের সুপারম্যান খেতাবের পরিচয় দিলেন সাঁতারের জীবন্ত কিংবদন্তি মাইকেল ফেলপসের বহু পুরনো একটি রেকর্ড ভেঙে। ক্যালিফোর্নিয়ার মোরগায় ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ফেলপসের ২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙেন তিনি। ইভেন্টটি শেষ করেন তিনি ১ মিনিট ৯ দশমিক ৩৮ সেকেন্ডে। ১৯৯৫ সালে এই ইভেন্ট ১ মিনিট ১০ দশমিক ৪৮ সেকেন্ড সময়ে শেষ করে রেকর্ড গড়েছিলেন ফেলপস।
শুধু তাই নয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সব ক’টি ইভেন্টেই সোনা জিতেছেন আপুয়াদা। রেকর্ড ভেঙে জানিয়েছেন, ৭ বছর বয়স থেকেই ফেলপসের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন, ‘সাত বছর বয়স থেকে ফেলপসের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখেছি।’
খুদে এই সাঁতারু প্রায় চার বছর ধরে প্রতিযোগিতামূলক সাঁতারে অংশ নিচ্ছেন। আগামী অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সাঁতারু দলে জায়গা করে নিতে চান তিনি