ছবি প্রচারণার গানেও ছাড়পত্র?

 In বিনোদন

আমি তোমার হতে চাই ছবির প্রচারণা গানের শুটিংয়ে মিমবিদ্যা সিনহা মিমরাত তখন প্রায় সাড়ে ১১টা। এফডিসির অন্য সব ফ্লোরের বাতি নিভে গেছে আরও আগে। মানুষের আনাগোনাও নেই। শুধু ৩ নম্বর ফ্লোরের সামনে খানিকটা জটলা। রাস্তার ধারে অনেকগুলো গাড়ি রাখা। একটু এগিয়ে গেলেই ফ্লোরের ভেতর থেকে গানের শব্দ কানে আসে। মূল দরজার ছোট্ট ফোকরে কান পাততেই গানের কথা ‘হেইলা দুইল্যা নাচ’ শোনা গেল।

দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখি, এ এক অন্য জগৎ! ফ্লোরের এক পাশজুড়ে রংবেরঙের অসংখ্য বাতি দিয়ে সাজানো মঞ্চ। ঝলমলে সেই মঞ্চে গানের তালে তালে নাচছেন বিদ্যা সিনহা মিম; সঙ্গে একঝাঁক শিল্পী।

কোন ছবির শুটিং এটি? কিছুক্ষণ পর ইউনিটের একজন ফিসফিস করে জানালেন, অনন্য মামুনের ছবি। একটু দূরে মনিটরে বসে পরিচালক। পাশেই আমি তোমার হতে চাই ছবির প্রযোজক ইয়াসির আরাফাত। ছবি ছাড়পত্র পেয়েছে, হয়ে গেছে মুক্তির তারিখ। এখন কী কাজ বাকি?

শুটিংয়ের ফাঁকে জানতে চাইলে বিষয়টি পরিষ্কার করলেন পরিচালক। তিনি বলেন, ‘আমি তোমার হতে চাই ছবির প্রচারণার জন্য এই গানটি তৈরি করছি। ছবির ছাড়পত্র আগেই হয়ে গেছে। তাই এটি এখন ছবিতে ব্যবহার করা যাবে না। এটি ইউটিউবে ছাড়া হবে।’ তিনি জানান, ছবির গানের নতুন ভার্সন এটি।
সেন্সর ছাড়া এভাবে গান ব্যবহার সম্ভব? জবাবে পরিচালক বলেন, ‘অবশ্যই। বলিউডে তো এভাবে ছবির প্রচার–প্রচারণা করা হয়। আমাদের কাছে এটি নতুন।’

তবে পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু। তিনি বলেন, ‘ছবির প্রচারণার জন্য যাই-ই করা হোক না কেন, সেটা যদি বিজ্ঞাপনও হয়, সেটাও সেন্সরে পাস করাতে হবে।’ কিন্তু মানতে নারাজ অনন্য মামুন। তিনি বলেন, ‘অনলাইনের জন্য এ ধরনের কোনো নীতিমালা আমার জানা নেই। তা ছাড়া অসংখ্য অনুষ্ঠান, সিনেমার অনলাইনের প্রচারণার কোনো কিছুই তো কখনো সেন্সর হতে দেখিনি।’ পরিচালক পাল্টা প্রশ্ন রাখেন, এই ছবির প্রচারণার জন্য ক্রিকেটাররা ভাষ্য দিয়েছেন। সেগুলো ছাড়তেও কি ছাড়পত্র লাগবে?’

Recent Posts

Leave a Comment