রাষ্ট্রপতির কাছে এরশাদের পাঁচ প্রস্তাব
নির্বাচন কমিশন (ইসি) ও সার্চ কমিটি গঠন নিয়ে
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঁচটি প্রস্তাব
দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ
এরশাদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে
তিনি এসব প্রস্তাব দেন।
মঙ্গলবার বিকেল ৩টা ০৫ মিনিটে শুরু হয়ে বৈঠক চলে
বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত।
এর আগে দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ে আসেন
এরশাদসহ দলের শীর্ষনেতারা। পৌনে ৩টার সময়
প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন এরশাদ।
১৮ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা
হলেন, জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ,
কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল
আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম
মাহমুদ, এমএ সাত্তার, কাজী ফিরোজ রশিদ,
জিয়াউদ্দিন বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা,
প্রফেসর দেলোয়ার হোসেন খান, ফখরুল ইমাম, এসএম
ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, তাজুল ইসলাম
চৌধুরী, সালমা ইসলাম, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল
হক চুন্নু ও মেজর অব. খালেদ আখতার।
রাষ্ট্রপতির সাথে বৈঠকে ৫দফাসহ স্বাধীন নির্বাচন
কমিশন গঠন এবং ইসির নিজস্ব বাজেট প্রণয়নের
ক্ষমতা, নির্বাচন কমিশন যাতে স্বাধীন থাকে
সেজন্য নির্বাচন কমিশনের সচিব ও কর্মকর্তাদের
নিয়োগের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে দেয়া,
ইউনিয়ন-উপজেলা ও সংসদ নির্বাচনসহ সকল
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নিয়োগের একক
ক্ষমতা তাদের হাতে দেয়া, সমন্বয়ের মধ্য দিয়ে
ইসিকে প্রশাসনিক ক্ষমতা দেয়াসহ বেশ কিছু
প্রস্তাবনা তুলে ধরেন দলের এই শীর্ষ নেতারা।
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে পাঁচ দফা প্রস্তাবনা
হলো- সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার
ও নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি
কাঠামো প্রণয়ন, সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ
স্বাধীন রাখা, নির্বাচন কমিশনের জন্য আলাদা
সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি বর্তমান সংসদেই এ
আইন পাস করার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রস্তাবে নির্বাচন কমিশনারদের
নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যুনতম ও
সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত
বিষয়জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা,
রাজনৈতিকভাবে সক্রিয়তা না থাকা, অন্য অফিসে
নিয়োগে বিধিনিষেধ ও চারিত্রিক স্বচ্ছতার বিষয়ে
গুরুত্ব আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল
ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে।