দেশে ২ কোটি অদক্ষ নারী গৃহে আবদ্ধ : চুমকি

 In বিশেষ প্রতিবেদন

দেশে ২ কোটি অদক্ষ নারী গৃহে আবদ্ধ : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, গার্মেন্টসে কর্মরত ৪০ লক্ষ নারী শ্রমিক বাংলাদেশকে পরিবর্তন করে ফেলেছেন। বাংলাদেশ প্রায় ২ কোটি অদক্ষ নারী বর্তমানে গৃহে আবদ্ধ রয়েছেন। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারীকে অদক্ষ রেখে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতে পারবে না।

শুক্রবার কক্সবাজার কালচারাল একাডেমি মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে নগদ অর্থ বিতরণের সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ প্রকল্পের মাধ্যমে নারীদেরকে ফ্যশন ডিজাইন, মৌমাছি চাষ, ক্যাটারিং এবং বিজনেস ম্যানেজম্যান্ট প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে এককালীন ভাতা প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের জন্য মাতৃকালীন ভাতা প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইজিএ (ইনকাম জেনারেটিং এক্টিভিটি) প্রকল্পের মাধ্যমে সারাদেশে দুই লক্ষ নারীদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব শাহীন আহমেদ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সরকারের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সমাবেশে অংশগ্রহণকারী নারীদের ১৮ বছরের নিচের মেয়েদেরকে বিয়ে না দেয়ার বিষয়ে শপথ করান। তিনি বলেন, বাল্য বিয়ের কারণে প্রতিবন্ধী শিশুর জন্ম হয়।

পরে প্রতিমন্ত্রী স্থানীয় একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিজিডি কার্যক্রমের উপকারভোগী নির্বাচনে নতুন একটি ডাটাবেইজের উদ্বোধন করেন।

Recent Posts

Leave a Comment