আ’লীগের প্রস্তাবে যাদের নাম শোনা যাচ্ছে

মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) মো. আবদুল ওয়াদুদের কক্ষে গিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ নাম জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পাঁচটি নাম পাঠানো নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যকরি কমিটির এক যৌথ সভা হয়। সেখানে সবার কাছে নাম আহ্বান করা হয়, সবাই গোপনে লিখিতভাবে নাম দেয়। অধিকতর সংখ্যায় যে নামগুলো এসেছে তার মধ্যে পাঁচটি নাম গ্রহণ করা হয়।’
কি বিবেচনায় নাম চূড়ান্ত করা হল- এ বিষয়ে আবদুস সোবহান গোলাপ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে, যোগ্য, স্বচ্ছ ব্যক্তিদের নাম প্রস্তাব করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুল করিম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন ও সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম প্রস্তাব করেছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন।
কমিটির অপর সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার।
সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির কাজে সাচিবিক সহায়তা দিচ্ছে।