হাসপাতালে কাতরাচ্ছে সাত বছরের ধর্ষিতা শিশু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শুকুরদী এলাকায় সাত বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় এক যুবক।
মুমূর্ষু অবস্থায় ওই ধর্ষিতা শিশুকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সে হাসপাতালে কাতরাচ্ছে।
এ ঘটনায় শনিবার দুপুরে ধর্ষিতার পিতা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী এলাকায় গত শুক্রবার বিকালে ওই মাদ্রাসা ছাত্রীটি বাড়ির পাশে আঙিনায় খেলা করছিল।
এসময় স্থানীয় গুকুরদী গ্রামের রব মিয়ার ছেলে মোমেন মিয়া ওই ছাত্রীকে চকলেট দেয়ার কথা বলে তার টিনের ঘরে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে।
এসময় মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক মোমেন দৌঁড়ে পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক মোমেন মিয়ার পরিবারের অন্য সদস্যরাও এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি শাহ্ মোঃ মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি মোমেন মিয়াকে গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যে বিভিন্নস্থানে অভিযান শুরু করেছে।