জাতীয় জাদুঘরে বন্যার কণ্ঠে রবীন্দ্রনাথের গানের মুগ্ধতা

 In বিনোদন
 
আন্তর্জাতিক জাদুঘর দিবসের অনুষ্ঠানে গানে গানে মুগ্ধতার রেশ ছড়ালেন দেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জাতীয় জাদুঘরের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসাবে তার একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়ে শোনান: ‘ঝরঝর বরিষে বারিধারা’। তিনি জানান, এ সন্ধ্যার প্রত্যেকটি গানই তিনি রবীন্দ্রনাথের বর্ষার গান গাইবেন। এর আগে বিকালে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্মারক বক্তৃতা’। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সমর চন্দ্র পাল। মূল বক্তা ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আলোচনা করেন আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির মহাসচিব অধ্যাপক দেবকন্যা সেন ও দীনেশ চন্দ্র সেন একাডেমির সভাপতি অধ্যাপক চিন্ময় হালদার। পরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে উদ্বোধন করা হয় বগুড়ার মহাস্থানগড় অঞ্চলে প্রাপ্ত নিদর্শনসমূহ নিয়ে বিশেষ প্রদর্শনী। এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সকালে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.হারুণ-অর-রশিদ, বিশেষ অতিথি নেপাল জাদুঘর পরিষদের চেয়ারম্যান প্রফেসর প্রেম সিংহ বাসনায়েত। সভাপতিত্ব করেন বিক্রমপুর জাদুঘরের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন। সেমিনারে ওয়ারী-বটেশ্বর-এর বৌদ্ধ লোটাস ট্যেম্প্ল সাইট মিউজিয়ামের উপর প্রবন্ধ উপস্থাপন করেন আইকম বাংলাদেশের সেক্রেটারি প্রফেসর সুফি মোস্তাফিজুর রহমান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জাদুঘরসমূহের উপর জরিপ প্রতিবেদন পেশ করেন আইকম বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জাদুঘরের সপ্তাহব্যাপী আয়োজন শেষ হবে ২৪ মে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- সেমিনার, বিশেষ প্রদর্শনী, কর্মশালা, নিদর্শন গ্রহণ, সঙ্গীত সন্ধ্যা ও কবিতাপাঠের আয়োজন।
আসামের ভাষা শহীদদের স্মরণে ঢাকায় অনুষ্ঠান
গানে, কবিতায় ও আলোচনায় আসামের ভাষা সংগ্রামীদের ভালোবাসা জানালেন বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা। সেইসঙ্গে তাদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। ১৯৬১ সালের ১৯ মে ভারতের আসাম রাজ্যে বাংলাকে সরকারি ভাষার দাবিতে আন্দোলনে শহীদ হন এগারজন বাঙালি। গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সেই ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় ‘বহ্নিশিখার’ শিল্পীদের পরিবেশিত ভাষার গান দিয়ে।
জাতীয় চার নেতা হত্যার কাহিনী
১৯৭৫ সালের ৪ নভেম্বর। জেলের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে খুন হন জাতীয় চার নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান। জেলের ভেতর জাতীয় এ চার নেতাকে নির্মম খুন ও তত্পরবর্তী ক্যান্টনমেন্ট ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে নতুন প্রযোজনা মঞ্চে এনেছে বুনন থিয়েটার। ‘সিক্রেট অব হিস্ট্রি’ শিরোনামে এ নাট্য প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেলো গতকাল শুক্রবার। নাটকটি রচনা করেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।
‘কমলাপুরাণ’ মঞ্চায়ন
সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ‘দাদা সাহেব ফালেক ফিল্ম ফেস্টিভ্যাল’-এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলাপুরাণ’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আমিনুর রহমান মুকুল। ওই উত্সবেই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। গতকাল দেশের মাটিতে হয়ে গেলো ‘কমলাপুরাণ’র উদ্বোধনী প্রদর্শনী। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পর পর তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত এই চলচ্চিত্র প্রযোজিত হয়েছে স্টোরিবক্স’র ব্যানারে।
‘জননী মৃন্ময়ী’
গেলো ১৪ মে ছিলো বিশ্ব মা দিবস। এ উপলক্ষে গতকাল রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি প্রযোজনা ‘জননী মৃন্ময়ী’। এটি আবৃত্তি সংগঠন কল্পরূপ’র এটি দ্বিতীয় আবৃত্তি প্রযোজনা। প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনা করেন নাজমুল আহসান তরুণ।
আলিয়ঁস ফ্রঁসেজে যৌথ প্রদর্শনী
বারো শিল্পী মিলে তৈরি করেছেন ঢাকা আর্টিস্ট গ্রুপ। শিল্পীরা হলেন— জামাল আহমেদ, লাইলা শারমিন, জাহির হোসেন, দেবাশীষ পাল, আনিসুজ্জামান আনিস, দুলাল চন্দ্র গাইন, রেজাউল ইসলাম লাভলু, শাহীন আক্তার লিপি, আব্দুল আজিজ, সৈয়দ মোহাম্মদ শামীম, ফামিদা খাতুন এবং আব্দুস সাত্তার তৌফিক। ঢাকা আর্টিস্ট গ্রুপের শিল্পীরা মিলে আয়োজন করেছেন যৌথ প্রদর্শনী ‘সেন্স, পারসেপশন অ্যান্ড ইন্টারপ্রেটেশন’ বা ‘অনুভব, চৈতন্য ও উপস্থাপনা’। গতকাল শুরু এ প্রদর্শনীতে দেশের সম-সমায়িক চিত্রকলার বহুমুখী উপস্থাপনা প্রদর্শিত হবে।
প্রদর্শনী চলবে আগামী ২৭ মে পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।
Recent Posts

Leave a Comment