কালিয়াপাড়ায় জেলা পরিষদের জায়গায় বৈধ-অবৈধ স্থাপনা নির্মাণের ফলে রাস্তার উপরেই পার্কিং তীব্র যানজট
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সাথে কচুয়া উপজেলার সংযোগের এ আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে শাহরাস্তি পৌরসভা ও মালিক সমিতির ৫/৬ জন লাইনম্যান প্রতিনিয়ত কাজ করলেও যানজট লেগেই থাকে এ স্থানটিতে। সিএনজি অটো রিঙ্া চালক মহিন উদ্দিন জানান, রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তার উপরেই যাত্রী উঠানামা করতে হচ্ছে। পথচারী আঃ কাদের জানান, রাস্তার উপর বাস, ট্রাক, সিএনজি অটো রিঙ্া ও অটো দাঁড়ানোর ফলে পায়ে হেঁটে রাস্তায় চলাচল করা যায় না। এ স্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও পথচারীকে চলতে হয়। পৌরসভা কর্তৃক নিযুক্ত একজন লাইনম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের কাজ হলো রাস্তায় গাড়ি সঠিকভাবে চলছে কিনা দেখভাল করা, গাড়ি দাঁড়ানোর জায়গা না থাকলে যাত্রী উঠানামা করবে কিভাবে? স্থানীয় বাসিন্দা মীর হোসেন বলেন, রাস্তার উপর যাত্রী উঠানামা বন্ধ করতে হলে সরকারি জায়গা দখলমুক্ত করা প্রয়োজন। সরেজমিনে জানা যায়, রাস্তার পাশে সরকারি লীজপ্রাপ্ত ও অবৈধ মিলিয়ে ২৫/৩০টি দোকানঘর রয়েছে। যানজট নিরসনে এসব স্থাপনা অচিরেই দখলমুক্ত করা প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা।