নাসিরনগরে বাড়ি বাড়ি তল্লাশি, আটক ৩৩

 In প্রধান খবর

 

রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর এবং মন্দিরে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর ৪ টা পর্যন্ত নাসিরনগরের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ৩৩জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় এ নিয়ে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নাসিরনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবু জাফর। মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি মো. আবু জাফর সাংবাদিকদের বলেন, মন্দিরে ভাঙচুর ও বাড়িঘরে হামলার সময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে, সেসব ভিডিও থেকে চেহারা দেখে পুলিশ তাদেরকে আটক করেছে।

এরা সবাই ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম এবং ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) সাখাওয়াত হোসেন।

এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয় তিন নেতাকে বরখাস্ত করে আওয়ামী লীগ।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ‘দ্বন্দ্বে’র জেরে একের পর এক হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে।এরই মধ্যে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ মিলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের কর্মকাণ্ডেও। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত এ তিন নেতা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর এ ঘটনার সূত্রপাত হয়।

প্রথম দফা হামলার পর বৃহস্পতিবার নাসিরনগরের ওসি আবদুল কাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম হোসেনকেও।

ঘটনার দিন ইউএনও মোয়াজ্জেম ও ওসি আবদুল কাদেরের উপস্থিতিতে একটি সমাবেশে আওয়ামী লীগ নেতাদের ‘উসকানিমূলক’বক্তব্যের পরপর হামলার ঘটনা ঘটে। মূলত আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

Recent Posts

Leave a Comment