বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। উপজেলার মহিপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যসহ ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– পুলিশ সদস্য শাহজাহান (৩৫), প্রণব (৩২), আলমগীর (৩৩), সামসুল (৩০), সোহেল (৩২) ও ঝাড়ুদার শ্যামল (৪২)। তারা সবাই কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান।শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, বগুড়াগামী সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭৪৫) ওই স্থানে পৌঁছালে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম পুলিশ লাইন থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-ট-১১-০০৯২) পুলিশ সদস্য বহনকারী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য নিহত হন। বাকিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।