৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল কেন সুপার

 In বিশেষ প্রতিবেদন, ব্যবসা বাণিজ্য

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল কেন ‘সুপার’

সম্প্রতি ভারত সরকার সে দেশের মার্কেট থেকে ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিল করেছে। সরকারের এই সিদ্ধান্তে হইচই পড়ে গেছে। তবে ভারত সরকারের এই সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন অনেকে। এ বিষয়ে কথা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি পরিবর্তন ডটকমের সঙ্গে কথা বলেছেন। তার দৃষ্টিতে ভারত সরকারের এই সিদ্ধান্ত এক কথায় ‘সুপার’। কেন এই সিদ্ধান্ত সুপার, জেনে নিন।

ভারত সরকার সম্প্রতি সে দেশে ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিল করেছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

এটার বিভিন্ন রকম প্রভাব রয়েছে, তবে এটা করা হয়েছে মার্কেট থেকে জাল নোট সম্পূর্ণ নির্মূলের জন্য।

জাল নোট নির্মূলের তো অনেক উপায় আছে, তবে এভাবে কেন?

ধরুন আপনার মাথায় ব্যাপক উকুন কিন্তু কোনোভাবেই আপনি সেটা সম্পূর্ণ নির্মূল করতে পারবেন না। যদি নির্মূল করতে চান তবে আপনার মাথার চুল কামিয়ে ফেলতে হবে। যদি আপনি সেটা করতে পারেন তবে চুল উঠতে যতদিন সময় লাগে ততদিন আপনাকে একটু ভোগান্তি পোহাতে হবে কিন্তু চলতে পারবেন। আর কিছুদিন ধৈর্যের পর পাবেন সম্পূর্ণ উকুনমুক্ত একটি ফ্রেশ মাথা।

বাংলাদেশেও কি এটা করার সম্ভাবনা আছে?

মনে হয় না, বাংলাদেশে এটা করার দরকার আছে। তবে সরকার সবসময় চেষ্টা করে যাতে জাল টাকার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। আমাদের দেশ ছোট সেখানে বিভিন্ন ধরনের অভিযানের মাধ্যমে জালটাকা প্রস্তুতকারীদের ধরা হয়। কিন্তু ভারত অনেক বড় দেশ সেখানে অভিযানের মাধ্যমে পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা হয়ত সম্ভব না। এছাড়া অভিযানের তো একটা খরচ থাকে। সবদিক বিবেচনায় এই সিদ্ধান্তটা অনেক ভালো।

কিন্তু এতে তো মার্কেটে হইচই পড়ে গেছে?

একটা সিদ্ধান্তের পর একটু হইচই হবে সেটা স্বাভাবিক। কিন্তু একটু ভেবে দেখুন, সরকার এই নোটগুলো বাতিলের কিন্তু একটা সময় বেধে দিয়েছে। সুতরাং এই নির্ধারিত সময়ের মধ্যে এই নোটগুলো তরল সম্পদ হিসেবেই মার্কেটে থাকবে। আপনি চাইলেই এগুলো ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নিতে পারবেন। ধরুন আপনার দুই লাখ টাকা আছে এরমধ্যে যে টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আছে সেগুলো কিন্তু ভাঙাতে হবে না। ভাঙাতে হবে আপনার কাছে যে ৫০০ ও ১০০০ রুপির নোটগুলো। মানে আপনার দৈনন্দিন খরচগুলো।

এর ফলাফল কি?

আপনার কাছে যে টাকাগুলো আছে সেগুলো আপনি ব্যাংকে জমা দিয়ে অন্য টাকা সংগ্রহ করতে পারবেন কিন্তু যাদের হাতে জালটাকা আছে তারা কি করবে? তারা তো আর ওই জালনোটগুলো নিয়ে ব্যাংকে যাবে না। ফলে জালটাকা অটোমেটিক্যালই ভ্যানিশড হয়ে যাবে।

যেহেতু মার্কেট থেকে ৫০০ ও ১০০০ রুপির নোটগুলো বাতিল করা হল সেহেতু মার্কেটে টাকার একটা সংকট কি হলো না মানে এতে মুদ্রা সংকোচন কি হবে না?

ধরুন মার্কেটে এক লাখ কোটি রুপির সমমূল্যের ৫০০ ও ১০০০ রুপির নোট রয়েছে। এখন যেহেতু নোটগুলো বাতিল করা হয়েছে সেহেতু মানি মার্কেটে ওই পরিমাণ অর্থ সংকট দেখা দিবে। এটাকে মুদ্রা সংকোচন বলে। তবে এই সংকোচনটা সাময়িক, কারণ ভারত সরকার কয়েকদিনের মধ্যেই মার্কেটে ওই পরিমাণ নতুন নোট ছাড়বে। ফলে মানি মার্কেটে কিন্তু ওই পরিমাণ অর্থ আবার প্রবেশ করবে, এতে করে সংকট কেটে যাবে।

এই সাময়িক মুদ্রা সংকোচনে মার্কেটে কি কোনো প্রভাব পড়বে না?

সাময়িক মুদ্রা সংকোচনে মার্কেটে তেমন প্রভাব পড়বে না বলেই আমার মনে হয়। তবে ভারত সরকার যদি পূর্ব সতর্কতা নিয়ে থাকে তবে এই মুদ্রা সংকোচন হওয়ার কথাই নয়।

একটু বুঝিয়ে বলবেন কি?

যেমন ধরুন ভারতের আর্থিক বাজারে এক লাখ কোটি রুপি মূল্যের ৫০০ ও ১০০০ রুপির নোট রয়েছে। যেহেতু সরকার এই নোটগুলো নিষিদ্ধ করবে বা মার্কেট থেকে উঠিয়ে নেবে তখন সাময়িক মুদ্রা সংকোচন যাতে না হয় সেক্ষেত্রে ওই মূল্যমানের অন্য নোট রিজার্ভে রাখবে। এতে যেই পরিমাণ ৫০০ ও ১০০০ রুপির নোট ব্যাংকের মাধ্যমে সরকারের কাছে আসবে ঠিক সেই পরিমাণ অন্য নোট ব্যাংকের মাধ্যমে আবার জনগণের কাছে যাবে বা আর্থিক বাজারে যাবে। ভারত সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তবে কোনো ধরনের সাময়িক মুদ্রা সংকোচন হওয়ার কথা নয়।

যখন আবার সমমূল্যের ৫০০ ও ১০০০ রুপির নোট মার্কেটে আসবে তখন কি দুটো মিলে মার্কেটে অর্থের সরবরাহ বেড়ে যাবে না, আইমিন মুদ্রাস্ফীতি হবে না?

হ্যাঁ ঠিক ধরেছেন, সেটা হবে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক যদি ওই পরিমাণ অর্থ মানে ৫০০ ও ১০০০ রুপির নোটের বদলে যে অন্য নোটগুলো ছেড়েছে সেগুলো আবার মার্কেট থেকে উঠিয়ে নিয়ে রিজার্ভ করতে পারে তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। সেক্ষেত্রে কিছু ক্ষতি হতে পারে। এটা করতে মুদ্রানীতির যে টুলসগুলো আছে যেমন ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন ও রিজার্ভ রিকোয়ার্নমেন্টে পরিবর্তন আনতে হবে। আর এগুলো করতে হলে অনেক কিছুই করতে হবে। কারণ এগুলো একটি আরেকটির সঙ্গে সম্পর্কযুক্ত।

তবে কি করতে হবে?

আমার দৃষ্টিতে সাময়িক মুদ্রা সংকোচনটাই ভালো মনে হয়।

সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

Recent Posts

Leave a Comment