মারকুটে ক্রিকেটের জন্য দারুণ উপযোগী এক ক্রিকেটার তিনি। ব্যাটে-বলে সমান তালে ঝড় তুলতে পারেন। আন্দ্রে রাসেলকে তাই বেশ গুরুত্ব দিয়েই নিজেদের স্কোয়াডে যোগ করেছিল ঢাকা ডায়নামাইটস। কিন্তু সাকিবদের সঙ্গে আপাতত এক ম্যাচেই থেমে গেলো এই ক্যারিবীয় অলরাউন্ডারের যাত্রা। চোট নিয়ে দেশে ফিরে গেছেন রাসেল।
আন্দ্রে রাসেল ডায়নামাইটসের হয়ে এবারের বিপিএলের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন। পরের দুই ম্যাচে আর খেলা হয়নি তার। পরে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের কথা থেকে জানা গেছে রাসেলের দেশে ফিরে যাওয়ার খবরটি।
রংপুর রাইডার্সকে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত করে ৭৮ রানে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবিয়ান অলরাউন্ডার সম্পর্কে সাকিব জানান, ‘রাসেল ইতোমধ্যেই জ্যামাইকায় ফিরে গেছেন। সপ্তাহ দুয়েকের মধ্যে চোটমুক্ত হয়ে সে ফিরে আসবে বলে আমরা আশা করছি। টুর্নামেন্টের শেষের ধাপে তাকে পাওয়া যাবে বলে আশা রাখি।’
উল্লেখ্য, ঢাকার হয়ে খেলা একমাত্র ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে ২ ওভার বল করে ১০ রান দিয়েছিলেন রাসেল। সেদিন ব্যাটিং পাননি এই অলরাউন্ডার।