ডিসেম্বরে স্পিন কোচ পাচ্ছেন সাকিব-মিরাজরা

 In খেলাধুলা

গত আগস্টে রুয়ান কালপাগে চলে যাওয়ার পর থেকেই স্পিন কোচ নেই বাংলাদেশ দলের। এরপর থেকেই নানা সময়ে আলোচনায় ওঠে এসেছে বিষয়টি। কিন্তু বোর্ডের কোনো কর্মকর্তা এতোদিন সুনির্দিষ্ট করে বলতে পারেননি সাকিব-মিরাজ-তাইজুলরা কবে পাচ্ছেন স্পিন কোচ। এবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে একজন স্পিন কোচ নিয়োগ দিতে যাচ্ছেন তারা।

স্পিন কোচ নিয়ে সংবাদ মাধ্যমকে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘চলতি বছর শেষ দিকেই উপমহাদেশের একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দেয়ার লক্ষ্যে কাজ চলছে। আমাদের লক্ষ্য দীর্ঘ মেয়াদের জন্য একজনকে নিয়োগ দেয়া; যিনি লম্বা সময় জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারবেন।’

গেল আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ স্পিন কোচ ছাড়াই কেটেছে বাংলাদেশের। যদিও এই দুই সিরিজ স্পিন কোচ ছাড়া ভালো করেছে টাইগাররা। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরে স্পিনারদের জন্য ভিন্ন কন্ডিশনে সাফল্য পাওয়াটা হবে চ্যালেঞ্জিং। তাই স্পিন বোলিং কোচের বিষয়টি ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে ডিসেম্বরের ১০ তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেখানে ১০ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প হবে। ইতোমধ্যে ক্যাম্পটির জন্য ২২ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

Recent Posts

Leave a Comment