প্রধানমন্ত্রী হাঙ্গেরি পৌঁছেছেন

 In দেশের বাইরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি হাঙ্গেরি পৌঁছেছে। বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৫ মিনিটে উড়োজাহাজটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক শাকিল মেরাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। মেরামত শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে পুনরায় যাত্রা করে।

সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উড়োজাহাজটির ত্রুটির বিষয়ে উল্লেখ জানানো হয়, বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১১) ‘রাঙ্গা প্রভাত’ সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকা থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় সোয়া ২টায় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীসহ ৯৯ জন যাত্রী, চারজন ককপিট ক্রু, ২০ জন কেবিন ক্রু ও চারজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিলেন। উড়োজাহাজটি আশখাবাদে অবতরণ করার পর ডিউটিরত প্রকৌশলীরা ত্রুটি মেরামতের জন্য কাজ শুরু করেন। তবে ঢাকা থেকে লন্ডনগামী বিমানের অপর একটি শিডিউল ফ্লাইট (বিজি ০০১) ‘আকাশপ্রদীপ’কে যাত্রাপথ পরিবর্তন করে আশখাবাদে পাঠানো হয়। বিমানটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটে সেখানে অবতরণ করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট (বিজি ১০১১) ‘রাঙা প্রভাত’–এর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আশখাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে।

হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চার দিনের সফরে সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

Recent Posts

Leave a Comment