কোচিং-গাইডবই এ দেশে চলবে না: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, ‘আমি পরিষ্কার বলে দিচ্ছি- এই দেশে কোচিং বাণিজ্য চলবে না। গাইড বই, নোটবই চলবে না। ছেলেমেয়েদের প্রতারিত করে অর্থলাভ করার জন্য কেউ কারো পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যেতে পারবে না। আইনে এ বিষয়টিই তুলে ধরা হবে।’
শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই বিষয়টি ক্যাবিনেটে উত্থাপন করা হবে।
খসড়া শিক্ষা আইন নিয়ে সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘যে কোনো একটা কথা, যেটা দিয়ে স্টোরি তৈরি করা যাবে সেটাকেই পিক আউট করলেন। এমন একটা অবস্থা যেন আমরা মহাভারত অশুদ্ধ করে ফেলেছি।’
নাহিদ বলেন, ‘আমি তো ২০১১ সালেই আইন করে ফেলতাম, আমরা তো করিনি। সবার মত নেয়ার চেষ্টা করেছি। এটা নিয়ে এত আলোচনা কেন?’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে শিক্ষকরা বেশি কমিটেড ছিলেন। ক্লাসের পর আরও আধঘণ্টা বসিয়ে বুঝিয়েছেন। এখন আর সেটা হচ্ছে না। প্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট শিক্ষক এবং অভিভাবকরা বসে ঠিক করতে হবে কীভাবে কিছু শিক্ষার্থীকে অতিরিক্ত ক্লাস করানো যায়। আমরা সেটা নিয়ে একটা পথ বের করার চিন্তা করছি।’