চাঁদপুরে শুরু হয়েছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা
চাঁদপুর
‘এসো মিলি মুক্তির মোহনা’ এ শ্লোগানে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ বছর গৌরবের ২৫ বছরে পর্দাপন করলো চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা মঞ্চে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
এ সময় পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম ও মহাসচিব শহীদ পাটোয়ারীসহ মেলার সাথে সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামি ৮ ডিসেম্বর বিকেলে অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মেলার পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
মেলা কমিটির চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম বলেন, এ বছর বিজয় মেলা রজতজয়ন্তী পূর্তি। তাই আমরা মেলাকে সুন্দর করতে সর্বাতœক চেষ্টা করেছি। তিনি জানান, এবার মেলায় মোট ১৩৪টি বানিজ্যিক স্টল নির্মাণ করা হয়েছে। এছাড়াও ১টি দাপ্তরিক স্টল, ১টি আইন-শৃঙ্খলা স্টল, ১টি অর্থ ও কুপণ কাউন্টার, ১টি পুলিশ বক্স এবং ১টি ফায়ার সার্ভিস কক্ষ তৈরী করা হয়েছে। মাসব্যাপী বিজয় মেলার মঞ্চে ৪০টি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন স্বাধীনতাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থ করবে।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে এ মাঠে চাঁদপুরের মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও নাট্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের সমম্বয়ে শহীদ জননী জাহানারা ইমামের নির্দেশে মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে।