চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী থাকছে না
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক কোনো প্রার্থী থাকছে না। এ পদে সবার জন্যে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এটাই কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত। দলের দায়িত্বশীল অনেকেই নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানান। তাঁরা জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাছাইয়ের পর এখন যাঁরা বৈধ প্রার্থী রয়েছেন তাঁদের সবার দলের পদ পদবী আছে এবং অতীতেও ছিলো। সবাই আওয়ামী পরিবারের লোক। এঁদের থেকে একক প্রার্থী হিসেবে সিদ্ধান্তে পেঁৗছাতে না পারায় দলের কেন্দ্রীয় হাইকমান্ড প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে। ভোটযুদ্ধে যিনি বিজয়ী হয়ে আসবেন তিনিই দলের মনোনীত চেয়ারম্যান হিসেবে বিবেচিত হবেন।
তবে চেয়ারম্যান পদে একক প্রার্থীর বিষয়ে দলের পক্ষ থেকে স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক কোনো বিবৃতি গণমাধ্যমে প্রকাশিত না হওয়ায় কোনো কোনো প্রার্থী ও ভোটারদের মধ্যে সংশয় রয়েই গেছে বলে অনুমিত হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পূর্বে এবং ভোটগ্রহণের পূর্বে যে কোনো আকস্মিক বা চমকপ্রদ সিদ্ধান্ত যে আসতে পারে না এমনটি ভাবারও অবকাশ নেই বলে অভিজ্ঞজন মনে করছেন।
Recent Posts