জেএমবির দাওয়াতি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সেই পাঁচ তরুণী

 In লিড নিউজ

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকসহ রাজধানীতে গ্রেপ্তার পাঁচ তরুণীর সঙ্গে জঙ্গি-সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে র‍্যাব। তাঁরা ‘নতুনধারার জেএমবি’র হয়ে দাওয়াতি কার্যক্রমে যুক্ত ছিলেন। এই পাঁচজনসহ গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে র‍্যাব।
সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ দায়েরের কারণে ওই অভিযোগপত্রটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।
আসামিরা হলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ইসতিসনা আক্তার ওরফে ঐশী (২৬), মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী আকলিমা রহমান, ইশরাত জাহান, খাদিজা পারভিন, ইডেন মহিলা কলেজের ছাত্রী সুলতানা আক্তার এবং রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের ছাত্র ফুয়াদ আল মাহাদী। অভিযোগপত্রে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোকনুজ্জামানকে। তদন্তে তাঁর বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। রোকনুজ্জামান গ্রেপ্তারকৃত খাদিজার স্বামী।
এ বছর আগস্টের মাঝামাঝিতে র‍্যাব গাজীপুর থেকে প্রথমে আকলিমাকে গ্রেপ্তার করে। পরে মগবাজার থেকে ইসতিসনা ও মিরপুরের জনতা হাউজিং থেকে ইশরাত এবং খাদিজাকে গ্রেপ্তার করে।
র‍্যাবের সূত্র প্রথম আলোকে বলেছে, এই ছয়জনই পরস্পর যুক্ত ছিলেন।
মিরপুর মডেল থানায় মামলাটি দায়েরের পর র‍্যাব-৪ গত ১৮ আগস্ট মামলাটি তদন্তের দায়িত্ব পায়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আসামিরা জেএমবির দাওয়াতি পর্যায়ের কর্মী ছিলেন। তবে গ্রেপ্তার করা না হলে তাঁদের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা বলেছেন, তাঁরা অনুতপ্ত। তাঁরা যা করছিলেন, সেটা ভুল ছিল।’
অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, গ্রেপ্তার ছয়জনই নিজেরা নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখতেন। সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে তাঁরা জিহাদি বই, পেনড্রাইভে করে জঙ্গিভাবাপন্ন নিবন্ধ, আইএসের মুখপত্র দাবিক, জঙ্গি কর্মকাণ্ডের ভিডিও চিত্র সংরক্ষণ ও নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করতেন।
তদন্ত চলার সময় র‍্যাব আকলিমা, ইসতিসনা, খাদিজা ও ইশরাতের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে। আসামিদের প্রত্যেকের মুঠোফোন, ল্যাপটপ ও পেনড্রাইভে আইএস মতাদর্শের বিভিন্ন নথি পাওয়া গেছে।

Recent Posts

Leave a Comment