এই অনুষ্ঠানে অংশ নেন নবীন প্রবীণ শিল্পীরা। এদের মধ্যে কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আর কেউবা শুনেছেন মুক্তিযুদ্ধের গল্প। এদের অন্যতম হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মাহমুদুর রহমান বেনু, ব্রিটেনের জনপ্রিয় শিল্পী হিমাংশু গোস্বামী, গৌরি চৌধুরী, আলাউর রহমান থেকে শুরু করে চতুর্থ প্রজন্মের ব্রিটিশ বাঙালি লুৎফুর রহমানসহ ব্রিটেনের ১১০ জন নবীন প্রবীণ শিল্পী।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের ৭ই মার্চের ভাষণ বাজিয়ে শোনানো হয়। এরপর বাংলাদেশ থেকে পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনানো হয়। জাতির জনকের কন্যা শেখ রেহানার বক্তব্য পড়ে শোনানো হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বখত। গানের ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
