মুশফিক পাগল বলায় খুশি আসিফ

 In খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় চলছে। ক্রিকেটাঙ্গনের এই বিতর্কে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরও যোগ দিয়েছেন। অভিযোগের আঙুল তুলেছেন বরিশাল বুলসের দেশি-বিদেশি ক্রিকেটারদের দিকে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তাকে ‘পাগল’ বলে উল্লেখ করেন বরিশাল বুলস অধিনায়ক। সেটির জবাবে বুধবার নিজের ফেসবুকে স্ট্যাটাসে আসিফ লিখেছেন, মুশফিক পাগল বলায় রাগ তো দূরের কথা, বরং খুশিই হয়েছেন তিনি।

নিজের মা-বাবা, পরিবার ও বন্ধুমহলের উদাহরণ টেনে আসিফ লিখেছেন, ‘পাগল শব্দটা আমি ভালোবাসি। কারণ, আমাকে যারা ভালোবাসেন তারাই আমাকে পাগল বলেন। বাংলাদেশের টেষ্ট দলের গর্বিত অধিনায়ক গতকাল আমাকে এই নামেই ডেকেছেন, এতে আমি একদম রাগ করিনি, কষ্টও পাইনি, বরং খুশী।’আসিফ লেখেন, দেশের ক্রিকেটের ক্ষতি করতে বা মুশফিককে বিরক্ত করতে নয়, শুধুমাত্র নিজের ব্যক্তিগত মতামত ও পর্যবেক্ষণ প্রকাশ করেছেন তিনি। ‘আমি কোনোভাবে তাকে বিরক্ত করে দেশীয় ক্রিকেটের ক্ষতি করতে চাইনি। ক্রিকেটের প্রতি মুশির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা হবে সম্পূর্ণভাবে একজনের অর্বাচীনের কাজ। আমার পোষ্টে যা লিখেছিলাম তা ছিল আমার ব্যক্তিগত মতামত ও পর্যবেক্ষণ।’

আসিফ তার স্ট্যাটাসের শেষের দিকে প্রয়োজনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের কাছে দুঃখ প্রকাশ করার কথাও উল্লেখ করেন। তিনি লিখেছেন, ‘মুশির প্রতি আমার কোন রাগ নেই, আমি তাকে অনেক ভালোবাসি। দুয়েকদিনের মধ্যে আমি তার সাথে সেলফি তুলবো ইনশাআল্লাহ। যদি বেশি ভুল করে থাকি প্রয়োজনে সরাসরি সরি বলবো।’

সেই সঙ্গে আসিফ বিষয়টি নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। মুশফিককে বাংলাদেশের সম্পদ উল্লেখ করে সকল ক্রিকেটার ও ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই গায়ক।

Recent Posts

Leave a Comment