আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
কুষ্টিয়া আদালত চত্বরে মামলার বাদী উপসহকারী ভূমি কর্মকর্তাকে মারধর করার ঘটনায় আওয়ামী লীগের নেতা শরীফ উদ্দিন রিমনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
শরীফ উদ্দিন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি। শরীফ উদ্দিন বৃহস্পতিবার দুপুর ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সামনে ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমানকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই ভূমি কর্মকর্তা জেলা প্রশাসক মো. জহির রায়হানের কাছে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। জেলা প্রশাসক তাঁকে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। এ বিষয়ে গতকাল শুক্রবার প্রথম আলোতে ‘ভূমি কর্মকর্তাকে মারধর করলেন আওয়ামী লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।