তিনি বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। এ জন্য আমরা হাতিরঝিলকে আলাদা থানা গঠনের উদ্যোগ নিয়েছি।’ তবে কবে এ নতুন থানার কার্যক্রম শুরু হবে তা না বললেও তিনি বলেন, ‘নতুন থানা স্থাপনের অনুমোদন হয়ে গেছে। সহসাই থানার কার্যক্রম শুরু হবে।’
এ সময় মন্ত্রী বলেন, ‘এ ওয়াটার ট্যাক্সির মাধ্যমে একদিকে হাতিরঝিল পাড়ের বাসিন্দাদের চলাচলের অসুবিধা দূর হবে, অন্যদিকে রাজধানীর অন্যতম আকর্ষণীয় এ বিনোদন কেন্দ্রে যোগ হলো নতুন মাত্রা।’
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়াকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে ওয়াটার ট্যাক্সিতে করে ঝিলে সংক্ষিপ্ত ভ্রমণ করেন। এ সময় প্রতিটি ৩০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন ৪টি ওয়াটার ট্যাক্সি ভাসানো হয় হাতিরঝিলে। উদ্বোধন হওয়ার পর বিনোদন ও ভ্রমণ পিপাসুদের ফ্রিতে নৌভ্রমণ করান ঠিকাদারি প্রতিষ্ঠান করিম গ্রুপ।
জানা গেছে, হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের প্রথম ব্যয় নির্ধারণ ছিল এক হাজার ৪৭১ কোটি টাকা। পরে এটা বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৭১ কোটিতে। এরপর ব্যয় বেড়ে হয় দুই হাজার ২৩৬ কোটি টাকা। চলতি ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি বলে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। রাজউকের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করছে