দুই সন্তানের বেশি হলে…
যেসব বাবা-মায়ের সন্তান দুটির বেশি, তাদের ভর্তি করছে না দিল্লির একটি খ্যাতনামা স্কুল। আজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পশ্চিম দিল্লির সালওয়ান স্কুল কর্তৃপক্ষ বলছে, তারা লোকজনকে সন্তান কম নিতে উদ্বুদ্ধ করতে চায়। তাই এমন পদক্ষেপ নিয়েছে।
সালওয়ান স্কুল কর্তৃপক্ষ তাদের নিবন্ধন ফরমে এই শর্তের কথা উল্লেখ করেছে। সালওয়ান স্কুলের দুটি শাখার ফরমেই এই শর্ত রয়েছে।
ফরমে লেখা আছে, যেসব পিতা-মাতার দুটির বেশি সন্তান রয়েছে, তাঁদের সন্তানদের আবেদন করার দরকার নেই।
শর্তটি স্কুলের শিক্ষকতা পদের জন্যও প্রযোজ্য। যেসব শিক্ষক প্রার্থীর দুটির বেশি সন্তান রয়েছে, তাঁরা শিক্ষকতা চাকরির জন্য আবেদন করতে পারবেন না।
সালওয়ান গ্রুপের চেয়ারম্যান সুশীল সালওয়ান বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এই বিধি আরোপ করা হয়েছে। সন্তান কম নেওয়ার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে এভাবেই তাঁরা অবদান রাখতে চান।
স্কুলে সন্তান ভর্তির ক্ষেত্রে বাবা-মায়ের শিক্ষা, পেশা, বয়স প্রভৃতি বিষয়ে স্বেচ্ছাচারী শর্ত বিলোপ করে গত বছর নীতিমালা জারি করে দিল্লি সরকার। ওই নীতিমালায় বাবা-মায়ের মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকারের বিষয়টিও বিলোপ করা হয়। কিন্তু বাবা-মায়ের দুটির বেশি সন্তান থাকলে ভর্তির জন্য আবেদন করা যাবে না মর্মে সালওয়ান স্কুলের আরোপ করা শর্তটি ওই নীতিমালায় নেই।
দিল্লির স্কুলগুলোর নার্সারি শ্রেণিতে ২ জানুয়ারি থেকে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়।