নতুন সার্চ কমিটি নিয়ে আমাদের ধারণা প্রায় স্পষ্ট: ফখরুল

 In রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে সার্চ কমিটি গঠিত হয়েছে, তারা কী করবেন, এটা সম্পর্কে আমাদের ধারণা প্রায় স্পষ্ট। সেজন্য আমরা পার্টি হিসেবে নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না।’

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে শনিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নতুন সার্চ কমিটি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, রাজনৈতিক সংকট নিরসন করতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য একটি নিরপেক্ষ সার্চ কমিটি সত্যিকার অর্থেই নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে গঠন করা হবে। কিন্তু… দুর্ভাগ্যজনকভাবে সার্চ কমিটির যারা সদস্য হয়েছেন, তারা প্রায় সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে, সে সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করেছি।’

বিএনপি মহাসচিব বলেন, এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন, তাহলে আমরা মনে করব দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করবেন। জানি না, তারা পারবেন কিনা। আমরা খুব বেশি আশা করছি না।”

এই কমিটিতে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি মন্তব‌্য করে মির্জা ফখরুল বলেন, “এতে আমরা আহত হয়েছি, আমরা কিছুটা ক্ষুব্ধ।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে যুবদলের নতুন সভাপতি সাইফুল আলম  নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে কমিটির সদস‌্যদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ‍উপদেষ্টা আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আমিরুল ইসলাম আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের নতুন কমিটির মোর্ত্তাজুল করীম বাদরু, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহিন প্রমুখ।

Recent Posts

Leave a Comment