সরকার রফতানি প্রবৃদ্ধি নির্ভর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে

 In দেশের ভেতর, ব্যবসা বাণিজ্য

সরকার রফতানি প্রবৃদ্ধি নির্ভর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে

বর্তমান সরকার রফতানি প্রবৃদ্ধি নির্ভর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বায়ন ও উদার বাণিজ্য ব্যবস্থার এ যুগে বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়াসে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহ বিশ্ব বাণিজ্য সংস্থার ছায়াতলে একত্রিত হয়েছে। দেশের পণ্য উন্নয়ন, বহুমুখীকরণ, সম্প্রসারণ ও বিপণন বৃদ্ধিতে ডিআইটিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে মাসব্যাপী ২২তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭’ (ডিআইটিএফ) আয়োজনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে ডিআইটিএফ-এর আয়োজন একটি সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
আবদুল হামিদ বলেন, জাতীয় অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। সরকার ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ডিআইটিএফ ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোরামে পরিণত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেবল পণ্য প্রদর্শন ও বিপণনের স্থান নয় বরং তা নগরবাসীর নির্মল বিনোদনের অন্যতম কেন্দ্রেও পরিণত হয়েছে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশি-বিদেশি উৎপাদক, ক্রেতা-বিক্রেতা, রফতানিকারক-আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখবে।

তিনি মেলায় অংশগ্রহণকারী সকল দেশি-বিদেশি উৎপাদক, রফতানিকারক, আমদানিকারক ও সরবরাহকারীকে আন্তরিক অভিনন্দন জানান।

Recent Posts

Leave a Comment