দিনের প্রথম ওভারেই ফিরলেন মেহেদী

 In খেলাধুলা

মুশফিককে শুরুতে দারুণ সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসান। এরপরই মেহেদী হাসান মিরাজ। দারুণ দৃঢ়তা দেখিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংসটাই খেলে ফেলেন তিনি। তার ও মুশফিকুর রহীমের ব্যাটেই ফলো-অন এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু হায়দ্রাবাদ টেস্টের চতুর্থ দিনে রোববার প্রথম ওভারেই সর্বনাশ! ভুবনেশ্বর কুমারের সুইং বলটা বুঝে উঠতে পারলেন না। ভারতীয় ওই পেসারের লেট ইন সুইং তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে আঘাত হানে স্টাম্পে। বোল্ড মেহেদী। আগের দিনের সেই ৫১ রানেই ধরেন সাজঘরের পথ। ভাঙ্গে ৮৭ রানের জুটি।

টেস্টের চতুর্থ দিন সকালে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ১ম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১০৬ ওভারে করেছে ৩২৩ রান। যা কীনা ওভারের হিসেবে ভারতের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ ইনিংস। কিন্তু ফলো-অন এড়াতে হলে এখনো চাই ১৬৪ রান। হাতে মাত্র ৩টি উইকেট।

ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে ইস্পাত কঠিন দৃঢ়তা দেখাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ৮২ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে ০ রানে রয়েছেন তাইজুল ইসলাম।

ভরসা এখন শুধুই মুশফিক। রাজিব গান্ধী স্টেডিয়ামে মাটি কামড়ে ব্যাট করে অর্ধশতকে পৌঁছতে খেলেন ১৩৩ বল! ৪০ থেকে ৫০ রানে পৌঁছতে গিয়ে খেলেন পঞ্চাশ বল। শনিবার ২০৬ বলে ৮১ রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরেন তিনি। এই ইনিংস খেলার পথে দেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩০০০ রানের মাইলফলক পেরিয়েছেন মুশফিক।

এর আগের দিন সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৮২ রান। মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন বাজে শটে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। অন্য ব্যাটসম্যানরা যেন উইকেটে আসা-যাওয়ার খেলাতেই ছিলেন ব্যস্ত!

তারও আগে প্রথম দুই দিনের ৫ সেশনে ব্যাটিং স্বর্গে ভারত রানের পাহাড়ে উঠে বসে। ৬ উইকেট হারিয়ে ১ম ইনিংসে ৬৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। ভারত অধিনায়ক বিরাট কোহলি করেছেন রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। তার আগে মুরালি বিজয় এবং পরে ঋদ্ধিমান সাহা সেঞ্চুরি করেছেন।

ভারতের এই ইনিংসের জবাব দিতে নেমে ফলো-অন এড়াতেই নাকাল হয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতের মাঠে টেস্ট খেলতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত ১ম ইনিংস : ১৬৬ ওভারে ৬৮৭/৬ ইনিংস ঘোষণা (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬*, অশ্বিন ৩৪, জাদেজা ৬০*; তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ২/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদুউল্লাহ ০/১৬)।

Recent Posts

Leave a Comment