সাংবাদিকদের নৈশভোজ বর্জন ট্রাম্পের
একের পর এক গণমাধ্যমের ওপর তোপ দাগার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক নৈশভোজ বর্জনের ঘোষণা দিয়েছেন।
টুইটবার্তার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি’র।
বিভিন্ন গণমাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধিদের সমিতি আগামী ২৯ এপ্রিল এ নৈশভোজের আয়োজন করেছে।
ঐতিহ্য অনুযায়ী সাংবাদিকদের জমকালো এ আয়োজনে নামীদামী তারকা, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তিরা অংশ নেন। আর মার্কিন প্রেসিডেন্ট থাকেন অনুষ্ঠানের মূল আকর্ষণ।
টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘আমি এ বছর হোয়াইট হাউস প্রতিনিধিদের সমিতির নৈশভোজে উপস্থিত থাকতে পারব না। তবে সবাই সুন্দর একটা সন্ধ্যা কাটাবেন এমনটাই আমার প্রত্যাশা।’
হোয়াইট হাউসের এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের সাংবাদিকদের নিষিদ্ধ করার পরপরই ট্রাম্প এ ঘোষণা দিলেন।
শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিন স্পাইসারের এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে বিবিসি, সিএনএন, বাজফিড এবং নিউ ইয়র্ক টাইমসসহ প্রভাবশালী বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।
এর আগে বিভিন্ন সময় নিজের এবং বর্তমান মার্কিন প্রশাসনের সমালোচনা করে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা সংবাদ’ উল্লেখ করে গণমাধ্যমের সঙ্গে বিবাদে জড়ান ট্রাম্প।
ট্রাম্প মিথ্যা সংবাদকে ‘জনগণের শত্রু ‘ অভিহিত করেন।