সড়ক দুর্ঘটনায় নিহত ৮

 In প্রধান খবর

সড়ক দুর্ঘটনায় নাটোর, রাজশাহীর পুটিয়া, নেত্রকোনা, সাতক্ষীরা ও গাজীপুরে স্কুলছাত্রসহ ৮ জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ কর্মকর্তা নিহত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আবদুর রাজ্জাক (৫৯)। তিনি সিরাজগঞ্জের পুষ্টিগাছা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে । আবদুর রাজ্জাক নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে পুঠিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ের শিবপুর ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে পুঠিয়ার কাঠালবাড়িয়া এলাকায় আবদুর রাজ্জাক ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-২৭৩৮) তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। মনির হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থলে ট্রাক ফেলে পালিয়ে গেছে। পরে ট্রাকটি জব্দ করে পুঠিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রলির ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আব্দুল গফ্ফার। সে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আফছার আলী গাজীর ছেলে ও পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে গফফার স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশতলা নামক স্থানে আসার পর পেছন দিক থেকে একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় জনতা ট্রলিটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

গাজীপুরে সেনা সদস্যসহ নিহত ৩

এফএনএস

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আরপি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. আবুল খায়ের জানান নিহতরা হলেন – অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন (৪২), গাজীপুর সদর উপজেলার পশ্চিম নয়নপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে ডিজিএফআই হেডকোয়ার্টারের প্রশাসন ব্যুরোর সিভিল সেকশনের উচ্চমান সহকারী আবু হানিফ আজাদ (৩৪) ও অজ্ঞাতপরিচয় একজন। আহতদের স্থানীয় ক্লিনিক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এএসআই খায়ের বলেন, রাত সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে যান।

নাটোরে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

এফএনএস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও সাতজন। বনপাড়া হাইওয়ে থানার ওসি সামসুন নূর জানান, গতকাশ শনিবার ভোর ৫টার দিকে আইড়মারি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারোয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে শহীদ হোসেন (৪০) ও টাঈাইলের ভুয়াপুর উপজেলার চরতেঁতুলিয়া গ্রামের কোরবান আলীর ছেলে ফুলচাঁদ আলী (৩৮)। ওসি নূর বলেন, একটি ট্রাক ঢাকা থেকে মাছ কেনার জন্য বড়াইগ্রাম আসছিল। আইড়মারি সেতুর কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে তার মাথা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এর দুই আরোহী। আহত রফিকুল ইসলাম ও ছায়াতুল্লা মোল্লাকে বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারি হাসপাতালে আর অন্যান্যের নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি নূর। ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, দুই ট্রাকের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

নেত্রকোনায় সাইকেল আরোহী নিহত

এফএনএস

নেত্রকোনা শহরে ট্রাকচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার ভাই। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। সদর মডেল থানার ওসি মো. আবুতাহের দেওয়ান জানান, গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের চানখাঁর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৩৫) জেলার দুর্গাপুর উপজেলার ফচিকা গ্রামের জামির উদ্দিনের ছেলে। আহত ছোট ভাই ইসহাক মিয়াকে (২৮) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দুই ভাই সাইকেলে করে বাড়ি থেকে নেত্রকোনা শহরে আসছিলেন। জামধলা সড়কের চানখাঁর মোড় এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে দুই ভাই ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি কাশেমকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ইসহাককে হাসপাতালে ভর্তি করে। ওসি তাহের বলেন, দুর্ঘটনার পর ট্রাক জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, নেত্রকোনায় গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও সাতজন।

Recent Posts

Leave a Comment