পাওনা টাকার জন্য শ্যালককে খুন

গ্রেফতারকৃতরা হচ্ছে-সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের বাসিন্দা মো. জসীম উদ্দিন (২৯) ও নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ হাজী পাড়া এলাকার বাসিন্দা মাসুদ করিম (২৮)।
সোমবার ভোরে তাদের আগ্রাবাদ ও বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ। এদের মধ্যে জসীম নিহত মোহাম্মদ আলীর মামাত বোনের স্বামী।
পুলিশ জানায়, নিহত আলীর কাছে জসীম ২০ হাজার ও মাসুদ ৪০ হাজার টাকা পাওনা ছিল। টাকা দিতে গড়িমসি করায় ক্ষোভ থেকে আলীকে খুন করেছে বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।
নিহত আলী নগরীর আখতারুজ্জামান সেন্টারে একটি কসমেটিকস দোকানে কাজ করতেন এবং হাজী পাড়া এলাকায় মাসুদের সঙ্গে থাকতেন।
ভগ্নিপতি হিসেবে জসিম বিভিন্ন সময়ে আলীর কাছে যাতায়াতের কারণে মাসুদের সঙ্গে সখ্য গড়ে উঠে। গত ২৩ জানুয়ারি রাতে জসিম, মাসুদ ও তাদের এক বন্ধু মিলে নতুন একটি কাজ নেয়ার কথা বলে আলীকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে নিয়ে যান।
এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এর আগে গত ২৪ জানুয়ারি বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকা থেকে গলা ও পায়ে রশি বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পরে স্বজনরা লাশটি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা গ্রামের আবুল হোসাইনের ছেলে মো. আলীর বলে সনাক্ত করেন। এ ঘটনায় বাঁশখালী থানার এসআই কামাল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, তদন্তে হত্যাকাণ্ডে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।