মতলবে মিনি ড্রেজার দিয়ে সরকারি খালের মাটি লুট

 In প্রধান খবর, মতলব উত্তর উপজেলা, শীর্ষ খবর

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে উপাদী গ্রামের ঝমঝম খাল থেকে অবৈধভাবে কতিপয় ভূমি দস্যু প্রকাশ্যেই মিনি ড্রেজার বসিয়ে মাটি লুট করে নিচ্ছে। ভূমি দস্যুদের হাত থেকে কৃষি জমি রক্ষার্থে এলাকার ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছে।
ওই অভিযোগপত্রে জানা যায়, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপাদী গ্রাম দিয়ে বয়ে যাওয়া সরকারি ঝমঝম খালের ছৈয়াল বাড়ি সংলগ্ন স্থানে বাবুরপাড়া গ্রামের মানিক মিয়াজীসহ আরো কয়েকজন মিনি ড্রেজার বসিয়ে খাল থেকেই মাটি উত্তোলন করে বাণিজ্য করছে। এর ফলে খালের পাশে থাকা ফসলী কৃষি জমি ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এনিয়ে জমির মালিকরা অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বাধা প্রদান করতে গেলে নানাভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন। এদের কয়েকজন উপাদী গ্রামের অধিবাসী মোস্তফা মিয়াজী, আবুল বাসার মিয়াজী, মামুন মিয়াজী ও রফিক ছৈয়াল খালের মাটি উত্তোলন ও লুট করা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দেন।
সরেজমিনে গিয়ে সরকারি খাল থেকে মাটি উত্তোলন ও আশপাশের জমির মাটি ভেঙ্গে পড়ার দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, শুস্ক মৌসুমে এই খালে কোমর সমান পানি থাকে। কিন্তু ড্রেজার দিয়ে যে স্থান থেকে মাটি উত্তোলন করা হচ্ছে সেই স্থান প্রায় ১৫-২০ ফুট গভীর হয়ে পড়েছে। এতে খালের পাশের জমির মাটি ভেঙ্গে পড়ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন। সংশ্লিষ্ট কানুনগোকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Recent Posts

Leave a Comment