২০২৫ সালে দেশে শিক্ষার হার শতভাগ হবে
চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের খাদ্যের নিরাপত্তা হচ্ছে, লেখাপড়া এগিয়ে যাচ্ছে। বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ হয়েছি। বর্তমান সরকারের আমলে প্রায় ৫ কোটি মানুষ নিম্ন আয় থেকে মধ্যম আয়ে পেঁৗছেছে। ২০২৫ সালের মধ্যে দেশে শিক্ষার হার শতভাগ হবে। এখন কেউ না খেয়ে থাকে না। এসব জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের কারণেই হয়েছে। এভাবে দেশ এগিয়ে যেতে থাকলে আগামী ৫-১০ বছরের মধ্যে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্থাৎ উন্নত সমৃদ্ধ হবে। তিনি গতকাল ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদীতে অবস্থিত ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
প্রধান শিক্ষিকা শামীমা সুলতানার সভাপ্রধানে ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্নার পরিচালনায় মেয়র নাছির উদ্দিন আহমেদ আরো বলেন, এখন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বেশ ঘটা করে খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। ছোট বেলায় আমরা তা পাইনি। খেলাধুলা ও লেখাপড়া একে অপরের পরিপূরক। খেলাধুলার মাধ্যমে ছেলে মেয়েদের শরীর মন সুস্থ থাকে। আর এই সুস্থ দেহমন যাদের ভালো থাকে তারাই লেখাপড়ায় ভালো করে। তিনি বলেন শেখ হাসিনার সরকার শতভাগ শিক্ষিত করার টার্গেট নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য নিয়ে তার সরকার শিক্ষার উন্নয়নে কাজও করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মামুনুর রহমান দোলন, আব্দুল ওহাব মাস্টার, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রফিক উল্যা, ২নং বালিকা (সিহল) সপ্রাবির প্রধান শিক্ষিকা রাশেদা নাসরিন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের ডিস প্লে, লাকী কুপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো বেশ উপভোগ্য। শিক্ষক সুপ্রিয় দত্ত অনুষ্ঠান এবং ক্রীড়া পরিচালনা করেন শিক্ষক মাহমুদা খানম। শিক্ষক আমেনা আক্তার নাহিদ আক্তার, বাসন্তী রাণী সাহা ও ঝিরি সাহা সহযোগিতা করেন।