জঙ্গিবাদ দিয়ে দেশের উন্নয়ন রুখা যাবে না
হাজীগঞ্জ প্রতিনিধিঃ
গত মঙ্গলবার হাজীগঞ্জ ডিগ্রি কলেজর এইচএসসি ও বিএম শাখার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জঙ্গিবাদ দিয়ে দেশের উন্নয়ন রুখা যাবে না। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে যারা এমন করছে তাদের আশা কখনো বাস্তবায়ন হবে না। তারা এক সময় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। মধ্যপ্রাচ্য থেকে এদেশে জঙ্গি আমদানি বেশিদিন স্থায়ী হবে না। মানুষ হত্যা ছাড়া যাদের অন্য কোন উদ্দেশ্য নেই তাদের আদর্শ উদ্দেশ্য নেই। সেই সকল আদর্শ কখনো এদেশের জনগণের কাছে স্থান পাবে না। টুপি মাথায় দিয়ে মানুষ হত্যাকারীরা কোন্ ধর্মের লোক তা আমাদের জানা নেই।
কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপ্রধানে অনুষ্ঠানে মেয়র লিপন আরো বলেন, এই এলাকায় প্রতিদিন ৫ হাজার ইয়াবা বিক্রির খবর আমাদের কাছে রয়েছে। আমরা এ বিষয়ে অচিরেই পুলিশের সহযোগিতায় ইয়াবা ক্রেতা ও বিক্রেতাদের আইনের আওতায় আনবো। মাদক থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শুকু মিয়া, কলেজের হিতৈষী সদস্য সালাউদ্দিন ফারুক, অভিভাবক সদস্য আবু তালেব, শিক্ষক প্রতিনিধি ও কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান স্বপন কুমার পাল, এইচএসসি পরীক্ষার কেন্দ্র কমিটির আহ্বায়ক মোঃ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, অভিভাবক মোঃ সরোয়ার আলম, ভূমি দাতা ফজলুল হক। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজমা বেগম।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আ.স.ম মফিজুর রহমান।