সুপুত্র বটে
ঝালকাঠী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন তালুকদার অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার কনিষ্ঠ পুত্র আমিনুল ইসলাম লিটন বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে (লিয়াকত আলী) লক্ষ্য করে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে তা লক্ষভ্রষ্ট হয়। ঘটনার পর পরই লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পুলিশ গ্রেফতার করেছে। ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও মেয়র লিয়াকত হোসেন তালুকদারের একাধিক ঘনিষ্টজন বলেছেন, মেয়রের অজান্তে তার পুত্র লিটন অর্থের বিনিময়ে অবৈধ ইজিবাইকের লাইসেন্স দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোর্ট রোডের নিজস্ব কার্যালয়ে পুত্র লিটনকে ডেকে তিনি বকাঝকা করেন। এক পর্যায়ে পিতা-পুত্রের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। উত্তেজিত লিটন তার সঙ্গে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে মেয়রকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়েন। তবে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম লিটনকে গ্রেফতার করে। এ প্রসঙ্গে মেয়র লিয়াকত হোসেন সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজী হননি। তিনি কোর্ট রোডের নিজ বাসভবনে অবস্থান করছেন।
ঘটনার পর মেয়রের বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার জোবায়েদুর রহমান সমকালকে জানান, লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে মেয়র পুত্র ৪ রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশ ২টি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।