জয়-পরাজয় যাই হোক মেনে নেবো : সীমা
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, ‘জয়-পরাজয় যাই হোক মেনে নেবো। আমার কর্মী সমর্থকদেরকে তা মেনে নিতে বলবো।’ নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি গণমাধ্যমের কাছে এ কথা বলেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর মডার্ন প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সীমা।
তিনি আরো বলেন, `ভোট শেষ হতে এখনো অনেক সময় বাকি, তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত আমার কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংযম শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’
কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান এই সিটির মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের রাজনৈতিক দলের আস্থা অর্জনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনকে। অনেকে বলছেন, এই ভোট নতুন ইসির জন্য চ্যালেঞ্জ।
এ পরিপ্রেক্ষিতে বুধবার এই সিটিতে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল সবাকে হুশিয়ার করে বলেছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরণের হাতিয়ার ব্যবহার করব। নির্বাচন কমিশনের হাত অনেক শক্ত। তাই নির্বাচনে কেউ অনিয়ম করার চেষ্টা করবেন না।
অপরদিকে, বিএনপি নতুন ইসির প্রতি আস্থা রাখতে চায় এমন ইঙ্গিত দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি সম্প্রতি কমিশনের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের বলেন, কুমিল্লা সিটি নির্বাচন নতুন কমিশনের অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় পাস করলে ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর এই কমিশনের প্রতি আস্থা তৈরির ক্ষেত্র তৈরি হবে। সিইসি সজ্জন ব্যক্তি তিনি কথা দিয়েছেন সুষ্ঠু ভোটের ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আশা করি তিনি জেনে, বুঝেই কথাগুলো দিয়েছেন এবং আমরা আশাবাদী তিনি তার কথার বাস্তবায়ন করবেন।
আওয়ামী লীগ এই নির্বাচনকে ইসির অগ্নিপরীক্ষা না মানলেও দলটি এটিকে কঠিন পরীক্ষা বলে উল্লেখ করেছেন। এবং ক্ষমতাসীন দল হিসেবে কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলে সাংবাদিকদের বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।