অন্য দেশের সঙ্গে চুক্তিকে রাজনৈতিক ইস্যু করবেন না

 In দেশের ভেতর

কেবল ভারত নয় অন্য যেকোনো দেশের সঙ্গে চুক্তিকে রাজনৈতিক ইস্যু না বানাতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো অন্য দেশের সঙ্গে চুক্তিকে রাজনৈতিক ইস্যু বানালে নিজ দেশের মর্যাদাই ক্ষুণ্ন হয়। ভারতের সঙ্গে সমানে সমান থেকেই ন্যায্য পাওনা আদায় করা হবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আয়োজনে এই সংলাপে নিরাপত্তা বিশ্লেষক, সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে পারস্পরিক আস্থা ও বিশ্বাসে নতুন মাত্রার সূচনা হয়েছে। দুই দেশের সমমর্যাদা তৈরি হয়েছে।’
সংলাপে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরে পূর্ণতা ও সফলতা যেমন আছে, তেমনি অপূর্ণতাও আছে। তিস্তার পানিবণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে যে চুক্তির আলোচনা হচ্ছিল, সেটি এবারও হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর সরকারের সময়ই এই চুক্তি হবে। এই ঘোষণার বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশ।
সংলাপে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। বক্তব্য দেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান ও সৈয়দ শফিউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রেহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহসভাপতি সাইফুল আলম, আজিজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সঞ্চালনা করেন।

Recent Posts

Leave a Comment