এইচএসসির প্রশ্ন আনতে গিয়ে আটক কালো গ্লাসের ৪ গাড়ি

 In লিড নিউজ

শনিবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে প্রশ্ন আনতে গেলে গাড়ি চারটিকে আটক করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) অদ্বৈত কুমার রায় জানান, কালো গ্লাসের গাড়িতে করে ট্রেজারি থেকে প্রশ্ন আনা যাবে না— মর্মে গত বৃহস্পতিবার নির্দেশনার জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই নির্দেশনা সত্ত্বেও শনিবার সকালে প্রশ্ন নিতে চারটি কেন্দ্র থেকে কালো গ্লাসের চারটি গাড়ি পাঠানো হলে গাড়িগুলো আটক করা হয়।

যেসব কেন্দ্র থেকে গাড়িগুলো পাঠানো হয় সেগুলো হচ্ছে— তেজগাঁও মহিলা কলেজ কেন্দ্র (কেন্দ্র নম্বর ঢাকা-৩৫), নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্র (ঢাকা-৮), আলহাজ মকবুল হোসেন কলেজ কেন্দ্র (ঢাকা-৪১) ও তেজগাঁও কলেজ কেন্দ্র (ঢাকা-৪১)।

অদ্বৈত কুমার রায় জানান, গাড়িগুলো জব্দ করে ঢাকা ট্রেজারিতে রাখা হয়।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মুচলেকা রেখে গাড়ি চারটিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ট্রেজারি থেকে প্রশ্ন আনার সময় কালো গ্লাসের গাড়ি ব্যবহার করে শিক্ষকরা স্মার্ট ফোনের মাধ্যমে ছবি তুলে প্রশ্ন ফাঁস করে দেয়— এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রেজারি থেকে প্রশ্ন আনতে কালো গ্লাসের গাড়ি ব্যবহার করা যাবে না বলে গত বৃহস্পতিবার একটি নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

Recent Posts

Leave a Comment