এবার খালেদার সঙ্গে সংস্কারপন্থী নেতা নজিরের বৈঠক
এবার সংস্কারপন্থী নেতা ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নজির হোসেন সুনামগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য। ওয়ান-ইলেভেনের সময় তিনি প্রথম সারির সংস্কারপন্থী ছিলেন।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নজির হোসেনের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় কার্যালয়ে প্রবেশ করে নজির হোসেন। পরে রাত সাড়ে ৭টায় তিনি কার্যালয় ত্যাগ করেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে নজির হোসেন বলেন, ‘প্রায় ৩৫ মিনিট ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। আগামী নির্বাচনের আগেই দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’
নজির হোসেন আরও বলেন, ‘আমাকে ম্যাডাম সুনামগঞ্জ বিএনপির দ্বন্দ্ব-কোন্দল নিরসনে কাজ করতে পরামর্শ দিয়েছেন।’
তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-মামলার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। নজির হোসেন নিজেও দলের স্বার্থে কাজ করার জন্য চেয়ারপারসনকে প্রতিশ্রুতি দিয়েছেন।
বিএনপির সূত্রের দাবি, অন্যান্য দলের সঙ্গে ঐক্যচেষ্টার আগেই বিএনপিকে সাংগঠনিকভাবে শক্ত করতে বদ্ধপরিকর খালেদা জিয়া। এ কারণে এর আগে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ও নানা সময়ে সংস্কারপন্থী ছিলেন, এমন নেতাদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন তিনি।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাত ১২টায় বিএনপি চেয়ারপারসন বৈঠক করেন সংস্কারপন্থীদের মধ্যে আলোচিত দুই নেতা জহির উদ্দিন স্বপন ও সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে।