ঘুষের টাকা না পেয়ে প্রধান শিক্ষকের মাথা ফাটালেন কেরানি!

 In লিড নিউজ

ঘুষের টাকা না পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসানের মাথা ফাটিয়ে দিয়েছেন উপজেলার শিক্ষা অফিসের কেরানি আবদুর রশিদ!

গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। পরে উপজেলার শিক্ষক সমিতির নেতারা প্রশাসনকে জানালে সাড়ে ৩টার দিকে উপজেলা শিক্ষা অফিস থেকে কেরানি রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রধান শিক্ষক রশিদুল হাসান বলেন, ‘স্কুলের কাজের ব্যাপারে কথা বলতে চাইলে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে কেরানি রশিদসহ অন্যরা। ঘুষের টাকা না দেওয়ায় প্রথমে স্ট্যাপলার, পরে হাতের কাছের রড দিয়ে গুরুতরভাবে আঘাত করে আমাকে।’ সেই আঘাতে অফিসেই মাথা ঘুরে পড়ে যান রশিদুল হাসান। পরে তাঁর সহকর্মী অন্য শিক্ষকরা তাঁকে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে ভর্তি করেন। তাঁর মাথায় দ্রুত অস্ত্রোপচায় করতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

উপস্থিত শিক্ষকরা বলেন, রশিদসহ কেরানিরা শিক্ষকদের সব সময় অফিসের কাজে জিম্মি করে ঘুষ দাবি করে করেন। দাবি করা ঘুষ না পেলে প্রায়ই নারী শিক্ষিকাসহ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষককে গুরুতরভাবে লাঞ্ছিত করার দায়ে কেরানি রশিদকে চাকরি থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিমুন রাজীব বলেন, শিক্ষক লাঞ্ছনাকারী রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান শিক্ষকের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। রশিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে বলে তিনি জানান।

Recent Posts

Leave a Comment