তিন বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ

 In জাতীয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় ২ সাংবাদিক নেতাকে মারধরের ঘটনায় ৩ বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ৮ এপ্রিল সাংবাদিকের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা এসব কর্মসূচি পালন করেন।

শাবি : মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার চেতনা-৭১-এর সামনে শাবি প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শাবি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, দফতর সম্পাদক আবদুল্লাহ আল মনসুর, কার্যকরী সদস্য ফয়জুল্লাহ ওয়াসিফ, সিনিয়র সাংবাদিক সাইফ সায়েম, জাহিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সাংবাদিকের ওপর হামলার নির্দেশদাতা শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার কর্মীদের স্থায়ী বহিষ্কার ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় : মারধরের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার রাবিসাসের আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাবির সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিও একাত্মতা প্রকাশ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাবি সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব, সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তুষার প্রমুখ। এদিকে আজ রাবিতে কর্মরত সাংবাদিকরা একই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় : সাংবাদিককে মারধর করার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবিস্থত প্রেস কর্নারে আনুষ্ঠানিকভাবে এ কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করে তারা। এ সময় ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, অনতিবিলম্বে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

Recent Posts

Leave a Comment