প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ: ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীতে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ভারতে সফরে দেশের মানুষের আশা পূরণ হয়নি। তার এ সফর ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই তার সফরের ফলাফল সম্পর্কে বলেছেন- ম্যায় পানি পাঙ্গা, মুচকো বিদ্যুৎ মিলা গা। কুচ তো মিলা। অর্থাৎ উনি নিজেই বলেছেন- শুধু কুচ মিলেছে। সেটা বিদ্যুতের কথা বলেছেন, তাও আবার পয়সা দিয়ে কিনতে হবে।’
‘প্রধানমন্ত্রী নিজেই সফরে কিছু না পাওয়া কথা বলে দিয়েছেন, আমাদের আর কিছু বলার আছে বলে মনে করি না’ যোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। ১৯৭১ সালের পরে বাংলাদেশকে নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে রেখে দেয়ার যে নীল নকশা তৈরি হয়েছিল তার বাস্তবায়ন আজ অনেক দূর এগিয়ে গেছে।
আমার দেশ বন্ধ করার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ৭৫ সালে চারটি বাদে সব সংবাদপত্র বন্ধ করে এবং সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে যে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেই জায়গা থেকে তারা সরেনি, শুধু কৌশল পাল্টিয়েছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুনেছি দেশের সংবাদ-মিডিয়া নিয়ন্ত্রণে ১৮টি কমিটি আছে। প্রতিদিন, প্রতিঘণ্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ তারা নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে।
তিনি বলেন, নিয়ন্ত্রণের কারণে অনেক সাংবাদিক এ পেশা ছেড়ে অন্য পেশা খুঁজছে, কেউ আবার বিদেশে যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছে।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদারের পরিচালনায় সভায় অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, কবি ফরহাদ মজহার, বেগম সেলিমা রহমান, অধ্যাপক দিলারা চৌধুরী, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, সৈয়দ আবদাল আহমেদ, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, সুলতানা সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।