ফিজের ফেরার ম্যাচে চ্যাম্পিয়নদের প্রথম হার
চাঁদনিউজটোয়েন্টিফোর.কম
মঙ্গলবার দেশ থেকে উড়ে গেছেন ভারতে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা বুধবার। নিজের দ্বিতীয় আইপিএলের প্রথম দুটি ম্যাচ গেল আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা ‘দ্য ফিজ’ মিস করেছেন। তবু টানা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু প্রিয় খেলোয়াড় কাটার মাস্টারের প্রথম ম্যাচেই এবারের আসরে প্রথমবারের মতো হেরে গেল সানরাইজার্স। মোস্তাফিজও বল হাতে কোনো ম্যাজিক দেখাতে পারেননি। রশিদ খানও না। আসলে আগে ব্যাট করে সানরাইজার্স ওয়াংখেড়েতে তুলেছিল ৮ উইকেটে ১৫৮ রান। জেতার মতো রান এই মাঠে কিছুতেই বলা চলে না। জবাবে, ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ঘরের মাঠে খেলা ২০১৫ সালের আইপিএলের চ্যাম্পিয়নরা। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিলেও কোনো উইকেট পাননি মোস্তাফিজ। এক ওভারে দিয়েছেন ১৯ রানও!
এবারের আইপিএলে এটা ২০১৫ এর চ্যাম্পিয়ন মুম্বাইয়ের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। টানা দুই ম্যাচ জিতে আইপিএলের দশম আসরে প্রথম হারের স্বাদ পেল সানরাইজার্স। আর তাও বাংলাদেশের বিস্ময় পেসার ফিজের ফেরার ম্যাচে! ২.৪ ওভারে ১২.৭৫ ইকোনোমিতে দিয়েছেন ৩৪ রান। ৩টি চারের মার খেয়েছেন। ২টি ছক্কারও শিকার হয়েছেন মোস্তাফিজ। ওভার প্রতি রান দেওয়ার হিসেবে ম্যাচের সবচেয়ে বাজে বোলার ২১ বছরের মোস্তাফিজ! মুম্বাইয়ের ক্রুনাল পান্ডিয়া ১ ওভারে ১২ রান দেওয়ার পর আর বলই পান নি।
প্রিতি জিনটার কিংস ইলেভেন পাঞ্জাব ২ ম্যাচে শতভাগ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে। ওই জায়গাটি আসলে ছিল মোস্তাফিজদের। মুম্বাইয়ের কাছে হেরে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় এখন। রোহিত শর্মার মুম্বাই তৃতীয়। তিন দলেরই সমান ৪ পয়েন্ট হলেও এই হলো পরিস্থিতি।
এটা ছিল সানরাইজার্সের প্রথম অ্যাওয়ে ম্যাচ। আর মুম্বাইয়ের মাঠে বরাবর একটু পিছিয়েই থাকে। যদিও গেলবার দুটি ম্যাচই সানরাইজার্স জিতেছিল। মুস্তাফিজের ছিল তাতে বড় ভূমিকা। এবার শুধৃ মোস্তাফিজ কেন, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, আশিষ নেহরা, দিপক হুডা, বেন কাটিংরা ইউনিট হিসেবে জ্বলে উঠতে পারেননি। সঠিক সময়ে সঠিক ব্রেক থ্রুও আসেনি।
৪১ রানে মুম্বাই দুই ব্যাটসম্যানকে হারাল। কিন্তু ওপেন করতে নামা পার্থিব প্যাটেল একাই ঝড় বইয়ে দিলেন খানিকক্ষণ। মোস্তাফিজ এর আগে নির্দিষ্ট কোনো এক ওভারে সর্বোচ্চ ১৪ রান দিয়েছেন। পার্থিব কাটারকে টানা তিনটি বাউন্ডারি মারলেন। এক ওভারে সবচেয়ে বেশি ১৯ রান দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু মোস্তাফিজের । এরপর ১.৪ ওভার বল করলেও শোধ নেওয়া হয়নি , দলের কাজে আসাও হয়নি। ফেরাটা হয়নি। পার্থিব ২৪ বলে ৩৯, নিতিশ রানা ৩৬ বলে ৪৫, ক্রুনাল পান্ডিয়া ২০ বলে ৩৭ রান করলেন। ভুবনেশ্বর ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট, আশিষ নেহরা ৪৬ রানে ১, রশিদ খান কোটা পূরণ করে ১৯ রানে ১ আর কাটিং ২ ওভারে ১৮ রানে ১ উইকেট নিলেন। নিজের দলের সবচেয়ে খরুচে বোলার মোস্তাফিজ। ম্যাচেরও। মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ ম্যান অব দ্য ম্যাচ।
টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৮১ রান যোগ করেন এই দুজন। ব্যাক্তিগত ৪৯ রানে ওয়ার্নারকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন হরবজন সিংহ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় স্কোরটা বেশি বড় হয়নি। ধাওয়ান ৪৮ রান করে মুম্বাই বোলারদের তৃতীয় শিকার হন। যুবরাজ সিং এম্যাচে ৫ রানের বেশি করতে পারেননি। তবে পাঁচ নম্বরে নামা বেন কাটিংয়ের ১০ বলে ২০ রানের ইনিংসটি ছিল বেশ কার্যকর। মিডল ও লোয়ার অর্ডারের অন্য সবাই অবশ্য পুরো ব্যর্থ এদিন। মুম্বাইয়ের পক্ষে জাসপ্রিত বুমরাহ সর্বোচ্চ ৩ উইকেট নেন। হরভজন সিং নিয়েছেন ২ উইকেট