মতলব উত্তরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, গাড়ি-ঘরবাড়ি ভাংচুর

 In মতলব উত্তর উপজেলা

মতলব উওর উপজেলায় কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীর গাড়ির উপর হামলা, মতলবে বিএনপির নেতা-কর্মীদের উপর বিচ্ছিন্নভাবে কয়েক দফা হামলা ও ঘর-বাড়ি ভাংচুর করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ নেতারা এ হামলা ও ঘর-বাড়ি ভাংচুর করেছে বলে বিএনপির আহত নেতা-কর্মীরা জানিয়েছেন।
শনিবার সকালে উপজেলার ছটাকী গ্রামে মরহুম মোকশেদ মেম্বারের কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে আসলে চিরারচর ব্রিজের উপর ছাত্রলীগের কর্মীরা খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীর গাড়ি ভাংচুর করে এবং মারধর করে। এতে আতাউর রহমান ঢালীসহ ছাত্রদল নেতা আতিক হোসেন মিঠু, নাছিম ফারুক ও মেঝবাউদ্দিন মেজু, শোয়েব সরকার, ড্রাইভার বিল্লাল গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদাও একই অনুষ্ঠানে যাওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া খেয়ে ঢাকায় চলে যান বলে তিনি জানান ।
সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু জানান, একই অনুষ্ঠানে যাওয়ার সময় কালিপুর বাজারে ছাত্রলীগ নেতা-কর্র্মীরা তাকে ধাওয়া করলে তিনি নৌকা দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় পালিয়ে যান। পরে ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুর বাড়ি-ঘর ভাংচুর করে লুটপাট করা হয় বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন বলেন ‘বিএনপির নিজেদের গ্রুপিংয়ের কারণেই নিজেরাই নিজেদের উপর হামলা করেছে। আসলে কে কেন হামলা করেছে আর কোন্টা সত্য নিজেও বুঝি না।’
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, বিষয়টি সম্পর্কে আমি ভালো করে কিছু জানি না। তবে চিরারচর ব্রিজের ওই পাড়ে অর্থাৎ দাউদকান্দি সীমানায় সমস্যার কথা শুনে তাৎক্ষণিক আমি পুলিশ পাঠিয়েছি। পুলিশ পেঁৗছার আগেই লোকজন ওখান থেকে চলে গেছে।

Recent Posts

Leave a Comment