শিখা অনির্বাণে ভারতীয় সেনাপ্রধানের শ্রদ্ধা

 In দেশের ভেতর

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
আজ শনিবার (১ এপ্রিল) সকাল পৌনে ৮টায় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ঢাকা রয়েছেন ভারতীয় সেনাপ্রধান। এরপর সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
এর পরই সেনা সদর দফতরে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন তিনি।
এরপর ভারতীয় প্রতিনিধিদল গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করবেন।
এছাড়া, বিকেল ৩টায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।
এর আগে শুক্রবার (৩১ মার্চ ) সকাল সাড়ে ৯টায় বিশেষ বিমানে করে বিপিন রাওয়াতসহ ছয় সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছান। বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে তাদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর। তার এ সফর দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের একটি অংশ।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশের সেনাপ্রধান বেলাল মোহাম্মাদ শফিউল হক ভারত সফর করেন। বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ওই বছরেই ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরা বাংলাদেশ সফর করেন।

Recent Posts

Leave a Comment