শেখ হাসিনার সফরকালে দিল্লি যাবেন মমতাও

 In শীর্ষ খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দিল্লি যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরোনো ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাবেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

নবান্ন সূত্রে জানা যায়, আগামী ৭ এপ্রিল শেখ হাসিনা দিল্লিতে যাবেন। একই দিনে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় কিছু গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ৭ এপ্রিল রাতে দিল্লির রাইসিনা হিলসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আয়োজিত নৈশভোজে শেখ হাসিনার সঙ্গে থাকবেন মমতাও। পরের দিন ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া মধ্যাহ্নভোজেও উপস্থিত থাকতে পারেন মমতা।

৭ এপ্রিল তিন দিনের ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিস্তার পানি বণ্টন চুক্তিবিষয়ক আলোচনা ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিমন্ত্রণ
ভারতীয় কিছু গণমাধ্যম সূত্রে জানা যায়, তিস্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের দিল্লিতে নিমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মমতাকে বিশেষভাবে নিমন্ত্রণ জানিয়েছেন মোদি। এমনকি ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সম্মানে দেওয়া নৈশভোজে মমতাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণের পাশাপাশি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর সেই ডাকে সাড়া দিয়েই দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তিস্তার জট খুলতে পারে
ভারতীয় কিছু বিশ্লেষকের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিস্তার জট অনেকটাই খুলতে পারে। মমতা-হাসিনা মুখোমুখি হলে তিস্তা সমস্যার একটা সমাধান সূত্র মিলতে পারে বলে ধারণা করছেন তাঁরা। যদিও মমতা এর আগে জানিয়ে দিয়েছেন, তাঁর নিজের রাজ্য পশ্চিমবঙ্গের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবেন তিনি।

Recent Posts

Leave a Comment