স্ত্রীর নির্যাতনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা স্ত্রীর মামলায় সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার চিলগাছা গ্রামে নিজ বাড়ি থেকে শহীদকে গ্রেপ্তার করা হয়।
শহীদ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলিফ হোসেন মল্লিক তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ সদর থানা উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ জানান, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শহীদকে তাঁর নিজ বাড়ি গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালে স্ত্রী নুসরাত জাহান কাকলী সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। এ মামলায় আদালত শহীদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।
এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।