হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় আটক ১

 In দেশের ভেতর

বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সীমান্ত বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল সকালে অজ্ঞাত একটি ই-মেইল বার্তায় রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সে সময় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।

হুমকি পাওয়ার পর থেকে হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Recent Posts

Leave a Comment