স্মার্টফোন নিয়ে প্রশ্নপত্র সংগ্রহ, তিন শিক্ষক আটক

 In শীর্ষ খবর

নিষেধাজ্ঞা অমান্য করে সঙ্গে স্মার্টফোন সঙ্গে নিয়ে ঢাকা ট্রেজারি থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহের সময় রাজধানীর দুটি কলেজের তিন শিক্ষককে পুলিশে দেওয়া হয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রথম দিন রোববার সকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক শিক্ষকরা হলেন- রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের আবদুর রশিদ, মহাখালী টিঅ্যান্ডটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নাঈমা নাসরিন ও মাহবুবুর রহমান।

জানা যায়, কেন্দ্র সচিবের প্রতিনিধি হিসেবে ওই তিন শিক্ষক ঢাকা ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনতে যান। এ সময় তাদের সঙ্গে স্মার্টফোন ছিল। প্রশ্নপত্র ফাঁসরোধে এবার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশ্নপত্র সংগ্রহের সময় প্রতিনিধিদের স্মার্টফোন না রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই তিন শিক্ষকের কাছে স্মার্টফোন থাকার কথা নয়। তাই প্রথমে তাদের মোবাইল ফোন জব্দ করে প্রশ্নপত্র দেওয়া হয়। পরে তাদের পুলিশে দেওয়া হয়।’

নাহিদ বলেন, ‘বিজি প্রেস থেকে অনেক কষ্টে প্রশ্নপত্র ফাঁস করা বন্ধ করেছি। কিন্তু শিক্ষকরা টাকার জন্য এমসিকিউর উত্তর বলে দেন। তারাই প্রশ্নপত্র ফাঁস করার পথে পা বাড়িয়েছে। অসাধু শিক্ষকদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছে।’

আজ শুরু হওয়া এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষা দিচ্ছেন।

Recent Posts

Leave a Comment