জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসুন : গয়েশ্বর

 In রাজনীতি

 

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশী বন্ধুর কূটকৌশলে নয়, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে হয় ক্ষমতায় বসুন, না হয় বিরোধী দলে যান।

আজ সোমবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির কর্মী সম্মেলনে গয়েশ্বর এ আহ্বান জানান। তিনি বলেন, ১৪ সালের মতো সুযোগ আর পাবেন না। সুযোগ বারবার আসে না। প্রতিবেশী বন্ধু আর ক্ষমতায় রাখতে পারবে না। ভারত পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র। তারাও আওয়ামী লীগকে বিনাভোটের নির্বাচনে ক্ষমতায় আনতে চাইবে না। তারা এবার তা করলে পৃথিবীর অন্যান্য দেশের কাছে তাদেরই জবাবদিহি করতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখেন। কর্মী সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্য বক্তাদের বাদ দিয়ে সম্মেলন সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।

বাংলাদেশে শেখ হাসিনার অধীনে আর কোনো জাতীয় নির্বাচন হবে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আলাদা সরকার গঠন করতে হবে। সহায়ক সরকার বলুন, অন্তর্বর্তী সরকার বলুন বা অন্য যে কোনো নামেই হোক, নির্বাচনকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে।’ মামলার রায় দিয়ে ১০০ আসনে বিএনপির জনপ্রিয় নেতাদের সরকার নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘৩০০ আসনে যত খুশি বিএনপি নেতাদের অযোগ্য করুন না কেন, খালেদা জিয়াকে অযোগ্য করার চেষ্টা করবেন না। তা করলে শেখ হাসিনা নিজেই অযোগ্য হয়ে যাবেন।’ খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

গয়েশ্বর চন্দ্র বলেন, বিএনপির ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগ স্ববিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা বলছে, এটি অন্তঃসারশূন্য। তারাই আবার বলছে, বিএনপি আওয়ামী লীগের নকল করেছে। গয়েশ্বর চন্দ্র রায়  বলেন, আওয়ামী লীগের ভিশনে তো ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন করার কথা ছিল না। কিন্তু ওই নির্বাচনে স্বয়ং শেখ হাসিনাই ভোট দিতে পারেননি। তিনি বলেন, ‘আসলে আওয়ামী লীগের ভিশনে যা আছে, আওয়ামী লীগ তা নিজেরাই বিশ্বাস করে না, যা ভিশনে নেই তাই তারা করে। নিজ দলের নেতাকর্মীদের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আপনারা স্লোগান দেন খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিন্তু রাজপথেই তো আপনারাই নাই।’

Recent Posts

Leave a Comment