বনানীর ধর্ষণ মামলায় ৭ দিনের রিমান্ডে নাঈম আশরাফ

 In প্রধান খবর
 
রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে দুই ছাত্রী আটকে রেখে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ‘নাঈম আশরাফ’ ওরফে আব্দুল হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্ত সংশ্লিষ্ট সংস্থা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার দুপুরে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সংস্থার পরিদর্শক ইসমত আরা অ্যানি আসামীর ১০ দিনের রিমান্ডের আবেদন জানান আদালতে।
ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামানের আদালতে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড প্রদান করেন। বুধবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের একটি বাড়ি থেকে নাঈম আশরাফকে পুলিশ গ্রেফতার করে। বনানীতে দায়ের করা ধর্ষণ মামলায় নাঈম দুই নম্বর আসামী।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ধর্ষণের কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ২৮ মার্চ  রাজধানীর বনানী কে ব্লকের ২৭ নম্বর রোডে অবস্থিত দ্য রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ মে এক অভিযোগকারী বনানী থানায় পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, আপন জুলেয়ার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ, ইমেকার্স বাংলাদেশ লিমিটেড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার ‘নাঈম আশরাফ’ ওরফে আব্দুল হালিম, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। সব আসামীরা ইতোমধ্যে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
Recent Posts

Leave a Comment