চট্টগ্রামে হেফজখানায় ছাত্রের হাতে ছাত্র খুন
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রামঃ
জেলার লোহাগাড়ায় হেফজখানায় ঘুম থেকে ডেকে তোলাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শিশু শিক্ষার্থীর হাতে খুন হয়েছে মো. মিজানুর রহমান (১০) নামের অপর এক শিশু।
এই ঘটনায় জড়িত শিশুকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে লোহাগাড়া উপজেলার কলাউজানে শাহ আমজাদিয়া হেফজখানায় এই ঘটনা ঘটে।
তবে রাত ১০টা নাগাদ নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। জেলার লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনা বৃহস্পতিবার ভোরে ঘটলেও রাত দশটা পর্যন্ত কেউ আমাদের অভিযোগ করেনি। সে কারণে এই বিষয়ে বিস্তারিত কিছু আমাদের জানা নেই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম ভূইয়া বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মিজানুর রহমান (১০) নামে এক শিশুকে গুরুতর আহতাবস্থায় চমেকে আনা হয়। ওই শিশুর সাথে থাকা স্বজনরা জানান, লোহাগাড়ার কলাউজান থেকে তাকে আনা হয়েছে। সকালে হেফজখানায় একজন ছাত্র আরেকজনকে লোহার রড দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে প্রথমে লোহাগাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। চমেকে আড়াই ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হেফজখানার পরিচালকের ছেলে মাকসুদুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে ফজর নামাজের আগে ঘুম থেকে উঠতে মিজান অন্য শিশুটিদের ডেকে দেয়। ওই সময় সে না উঠার কারণে তাঁর মুখে পানি ছুড়ে মিজান। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটি লোহার রড দিয়ে মিজানকে আঘাত করে। সাথে সাথে তার মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হয়।